ডেস্ক রিপোর্ট:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক আর্ক ও শর্ট সার্কিটের কারণে। এটি কোনো নাশকতা ছিল না।মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।তিনি বলেন, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন। পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুরিয়ার শেডের ভেতরে বিভিন্ন সংস্থার জন্য ৪৮টি ছোট লোহার খাঁচানির্মিত অফিস স্থাপন করা হয়েছে। কিন্তু সেখানে কোনো প্রাথমিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা—যেমন ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর, স্প্রিঙ্কলার বা হাইড্রান্ট—কোনোটিই ছিল না।প্রেস সচিব জানান, শেডটিতে কাগজ-লেপে মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক পদার্থ, কম্প্রেসড পারফিউম বোতল, বডি স্প্রে, ইলেকট্রনিকস, ব্যাটারি এবং ঔষধি কাঁচামালসহ অত্যন্ত দাহ্য সামগ্রী অত্যন্ত অগোছালোভাবে সংরক্ষিত ছিল। নিরাপত্তা বিধি অমান্য করে রাখা এসব পণ্য যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল।তদন্ত কমিটি মোট ৯৭ জনের মৌখিক ও লিখিত সাক্ষ্যগ্রহণ করেছে। তাদের বক্তব্য ও পরিদর্শন রিপোর্ট অনুযায়ী, আগুনের উৎস ছিল বৈদ্যুতিক আর্ক এবং শর্ট সার্কিট। তদন্তে তুরস্ক, বুয়েট, অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সিআইডির ফরেনসিক টিমও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।শফিকুল আলম আরও জানান, ২০১৩ সাল থেকে ওই স্থানে সাতটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই গণমাধ্যমে তেমন প্রকাশিত হয়নি। দীর্ঘদিন ধরে বারবার আগুন লাগার পরও সিভিল এভিয়েশন অথরিটির আগুন প্রতিরোধ ও জরুরি প্রতিক্রিয়ার যথাযথ সক্ষমতা গড়ে ওঠেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তদন্ত কমিটি বেশ কয়েকটি বড় সুপারিশও করেছে। এর মধ্যে রয়েছে—বিমানবন্দর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য একটি স্বতন্ত্র বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ গঠন সিএএবিকে কেবল নিয়ন্ত্রক হিসেবে সীমিত রাখা । বাংলাদেশ বিমানের ভূমিকা কেবল ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধ রাখা। গ্রাউন্ড-হ্যান্ডলিংসহ অন্যান্য কার্যক্রমে দক্ষ অপারেটর নিয়োগ। বিমান সংস্থার জন্য বিশেষ শ্রেণির ফায়ার স্টেশন দ্রুত স্থাপন। বিপজ্জনক রাসায়নিক ও বিপজ্জনক পণ্য আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপদ গুদামে স্থানান্তর। নিলামযোগ্য পণ্যের জন্য পৃথক কাস্টমস গুদাম স্থাপন। এপ্রোন এলাকায় সম্পূর্ণভাবে পণ্য সংরক্ষণ নিষিদ্ধ করা। উল্লেখ্য, গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে আগুন লাগে। তদন্ত প্রতিবেদনের সব তথ্য, বিশ্লেষণ ও সুপারিশ প্রধান উপদেষ্টার নজরে আনা হয়েছে।