বিশেষ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ, অডিও রেকর্ডিং ও ছবি পর্যালোচনা করা হবে।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে, যাতে কোনো নিরপরাধ মানুষ প্রাণ হারান না। তবে বাহিনীর সদস্যদের ওপর হামলা কিংবা আত্মরক্ষার প্রয়োজন দেখা দিলে পরিস্থিতি অনুযায়ী আইনসম্মতভাবে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে।সংসদে বক্তব্যে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়া থানায় হামলা চালানোর পাশাপাশি একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও সহযোগী সংগঠনের সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রীর আরও অভিযোগ, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ও অগ্নিসংযোগে উসকানি দিচ্ছেন।তিনি বলেন, সরকার কোনোভাবেই অতীতের মতো আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচিতে নির্বিচারে গুলি চালিয়ে প্রাণহানি ঘটাতে চায় না। বর্তমান সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এবং সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকারের অবস্থান ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কিছুটা সময় লাগলেও নিরীহ মানুষের জীবন রক্ষা করাই সরকারের প্রধান বিবেচনা। কোনো পরিস্থিতিতেই যেন সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ না হারান, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।তিনি আরও বলেন, অপরাধ দমনে সরকার ধৈর্য ও সংযমের নীতি অনুসরণ করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মরক্ষার প্রয়োজন হলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো ধরনের অতিরিক্ত বল প্রয়োগ যাতে না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশনা রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, টুঙ্গিপাড়ার সহিংসতার ঘটনায় সংগৃহীত বিভিন্ন তথ্য-প্রমাণ পর্যালোচনা করে জড়িতদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণই এখন সরকারের লক্ষ্য।