
বিশেষ প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে এনসিপি দল করার কারণ দেখিয়ে আওয়ামী লীগের ক্যাডার মোকলেস বাহিনীর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে অস্ত্রধারী সন্ত্রাসীরা স্থানীয় এনসিপি নেতা রাকিবের বাবার বাড়িতে এই হামলা চালায়।
স্থানীয়রা জানান, মোকলেস (৪৮) ও জুলহাস হাওলাদারের (৩৫) নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা ধান, চাল, স্বর্ণের চেইন–আংটি, নগদ ১৫ হাজার টাকা, হাঁস–মুরগি, গরু–ছাগলসহ ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, হামলার সময় বাড়ির মহিলাদের শ্লীলতাহানিও করা হয়।
হামলায় আহত হন রুমা বেগম (৪২), আহমেদ ফকির (৪৭) ও আব্দুল মজিদ ফকির (৬০)। তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
C
নলছিটি থানার এসআই আক্তার হোসেন জানান, “ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের সত্যতা পেয়েছি। বাড়িটি ফাঁকা অবস্থায় ছিল। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”
আহত পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এনসিপি সমর্থন করার কারণে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের। তারা বলেন, মোকলেস বাহিনীর সন্ত্রাসী কার্যক্রমে এলাকায় আতঙ্ক বিরাজ করছে, সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে।


