
নিজস্ব প্রতিবেদক : দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ আর গুম, খুন, অগ্নিসন্ত্রাস কিংবা ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো পরিস্থিতিতে ফিরে যেতে চায় না। ভবিষ্যতে কেউ যেন দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান অভিযোগ করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন দেশের কৃষক, শ্রমিক, নারী, শিক্ষার্থী ও বেকার যুবকদের উন্নয়নে কাজ করছে, তখন একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতের গুম, খুন, নির্যাতন ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যাওয়ার কোনো সুযোগ জনগণ দিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি রাজনৈতিক মতপার্থক্য ভুলে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মহেন্দ্রনগর খাল পুনঃখননের ফলে কৃষকদের সেচ সুবিধা বাড়বে এবং স্থানীয় মানুষের পানির সংকট কিছুটা লাঘব হবে। পাশাপাশি খালের বিভিন্ন অংশ তরুণদের মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের কাজে ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানির সংকট নিরসন এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী মাস থেকে প্রাথমিকভাবে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের নারীদের এই কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আওতায় প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা জানান তিনি।
এ ছাড়া কৃষকদের জন্য কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী এবং ৭০ লাখ শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকারপ্রধান। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শিল্পায়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর ফলে উত্তরাঞ্চলে শিল্প-কারখানা স্থাপন ও বিনিয়োগের পরিবেশ তৈরি হবে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রমিকদের কম খরচে বিদেশ যাওয়ার ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও জানান, গত কয়েক মাসে পাঁচ লাখ কর্মীকে বিদেশে পাঠানোর উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে।
এর আগে প্রধানমন্ত্রী মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। তাঁকে স্বাগত জানাতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষ জনসভাস্থলে সমবেত হন।
এক দিনের সফরে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।


